মার্চ ২৮, ২০২৬, ০৯:২৭ পিএম
দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের ২৪তম বার্ষিক সাধারণ সভা ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিনাজপুর শহরের পুলহাট এলাকায় সংগঠনের নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. নুরুজ্জামান সরকার।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু।
এরপর নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত গত বছরের আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ রজত কুমার বসাক। সভায় সংগঠনের সহ-সভাপতি মোকাদ্দেসুর রহমান তুহিন, যুগ্ম সম্পাদক মো. সাদেকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় চাউল শিল্পের বর্তমান পরিস্থিতি, চালের বাজার ও শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।মুক্ত আলোচনা পর্বে সংগঠনের প্রচার সম্পাদক মো. রবিউল আলম বাবুর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
উপস্থিত নেতৃবৃন্দ চাউল কল মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বকর ছিদ্দীক এবং সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েলসহ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ।অনুষ্ঠানে একটি বিশেষ শোক প্রস্তাব গৃহীত হয়। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
একই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং গত এক বছরে সংগঠনের যে সকল সদস্য ও জেলার বিশিষ্ট নাগরিক পরলোকগমন করেছেন, তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভা শেষে সকলের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা চাউল কল মালিক গ্রুপের বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন