শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভা

মো: মামুনুর রশিদ

মার্চ ২৯, ২০২৬, ০২:৫৪ পিএম

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভা

দিনাজপুরে সমিতির এজিএম। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বলেছেন, "অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সমাজ বা দেশের বোঝা নন, বরং তারা আমাদের অমূল্য সম্পদ। কর্মজীবন শেষে তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের সবার উচিত তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করা।

রবিবার (২৯ মার্চ) দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষ-২-এ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সমিতির সভাপতি অধ্যাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মো. ফসিউদ্দিন আহমেদ। প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন সাধারণ সদস্য গোবিন্দ ভট্টাচার্য, মো. আকবর আলী ও আবুল কালাম আজাদ। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে প্রতিবেদন দুটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভার দ্বিতীয় পর্বে আগামী দুই বছর মেয়াদী (২০২৬-২০২৮) ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ডা. মো. সাহাবুদ্দিন আহমেদ এবং সহকারী কমিশনার মো. খায়রুল ইসলাম ও মশিহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে মো. মোকাররম হোসেন সভাপতি এবং মো. ফসিউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভার শুরুতে সমিতির যে সকল সদস্য ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মো. হাসনাত রহমান। বক্তারা অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সাধারণ সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।