রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় সহকারীর মৃ‍‍`ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ১০:১৩ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় সহকারীর মৃ‍‍`ত্যু

দুর্ঘটনাকবলিত ট্রাক

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় আপন চন্দ্র দাস নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন। গত রোববার রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌরশহরের ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ২৬ বছর বয়সী আপন চন্দ্র দাস নীলফামারী জেলার ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস, যিনি নিহত আপনের দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার সময় মহাসড়কে কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ট্রাকটি মেরামতের কাজ চলাকালীন বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। 

ধাক্কার তীব্রতায় চলন্ত ট্রাকটির সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিন কেটে সহকারীর মরদেহ উদ্ধার করেন। 

একই সময়ে আহত চালককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।