শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক

এনামুল মবিন(সবুজ)

এপ্রিল ৯, ২০২৬, ০৪:৫৬ পিএম

চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মালামাল চুরির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম রিয়াদ ইসলাম (২২)। সে উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

পুলিশ জানিয়েছে, রিয়াদ টিসিবি ডিলারের অধীনে কর্মচারী হিসেবে কাজ করত এবং সেই সুযোগেই পণ্য চুরির এই ঘটনাটি ঘটায়।ঘটনার বিবরণে চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের টিসিবি ডিলার মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্স গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে পণ্য বিতরণ করছিল। 

দুপুরের নামাজের সময় বিরতি দিয়ে ডিলার মসজিদে গেলে সেই সুযোগটি গ্রহণ করে তার দুই কর্মচারী। তারা সুযোগ বুঝে টিসিবির মোট ৪৫টি প্যাকেজের মালামাল সরিয়ে ফেলে এবং চুরি করে আত্মসাৎ করে। 

বিশ্বস্ত কর্মচারীদের এমন প্রতারণায় হতবাক হয়ে যান ডিলার মোস্তাকিম সরকার।এই চুরির ঘটনায় গত ৪ এপ্রিল শনিবার ডিলার মোস্তাকিম সরকার বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে রিয়াদ ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারের পর অভিযুক্ত রিয়াদ ইসলামকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি ভর্তুকির মালামাল চুরির এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিও ধরা পড়বে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে।