বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২৬, ১২:০২ এএম

২০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বোচাগঞ্জে উদ্ধার বিষ্ণু মূর্তি ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খনন করার সময় প্রাচীন ও মূল্যবান একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ইশানীয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া বালা পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ২০ কেজি বলে প্রাথমিক নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইশানীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশেষ কুমার রায়ের মালিকানাধীন ডাঙ্গীপাড়া বালা পুকুরে কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছিল। 

বুধবার সন্ধ্যায় ভেকু দিয়ে পুকুরটি গভীর করার সময় মাটির নিচ থেকে একটি কালো পাথরের মূর্তির অংশ বিশেষ বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসার সাথে সাথে খনন কাজ বন্ধ করে বোচাগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। 

খবর পাওয়ার পর বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নির্দেশে এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মাটির নিচ থেকে প্রাচীন ওই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া মেনে থানায় নিয়ে আসে।পুলিশ জানায়, প্রায় ২০ কেজি ওজনের এই মূর্তিটি অত্যন্ত নিপুণভাবে খোদাই করা এবং এটি কষ্টি পাথরের তৈরি বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে প্রাচীন এই মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ এবং সনাতন ধর্মের ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায় মূর্তিটি এক নজর দেখার জন্য বোচাগঞ্জ থানায় ভিড় জমান। স্থানীয়দের অনেকেই এটিকে অতি প্রাচীন প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে বর্ণনা করেছেন। প্রশাসনের তৎপরতায় মূল্যবান এই সম্পদটি কোনো পাচারকারী বা স্বার্থান্বেষী মহলের হাতে পড়ার আগেই উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তিনি প্রাথমিকভাবে এটি কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে শনাক্ত করেছেন। ওসি আরও জানান, প্রত্নতাত্ত্বিক মূল্যের কথা বিবেচনা করে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী মূর্তিটি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে দিনাজপুরের রাষ্ট্রীয় কোষাগারে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করে এর ঐতিহাসিক গুরুত্ব ও সময়কাল নিরূপণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বর্তমানে ওই এলাকাটি পুলিশের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে যাতে অন্য কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেউ সরিয়ে ফেলতে না পারে।