এপ্রিল ১১, ২০২৬, ০৮:৪৮ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ থেকে চামুণ্ডা পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সড়কটি পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান।
এছাড়া নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এবং উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ সুধীজনও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট প্রকল্প সূত্রে জানা গেছে, বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। সম্পূর্ণ প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডির প্রত্যক্ষ তত্ত¡াবধানে পরিচালিত হবে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৭২ হাজার ১৪৫ টাকা। সড়কটি আধুনিক মানে উন্নীত করতে সব ধরণের কারিগরি প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে দপ্তরটি।
এলাকার বাসিন্দারা জানান, আফতাবগঞ্জ থেকে চামুণ্ডা পর্যন্ত এই সড়কটি যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে এই সড়কটি ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। দীর্ঘদিনের প্রতিক্ষার পর এই সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
উদ্বোধন শেষে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, এলাকার অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই যেন সড়কের কাজ শেষ হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন