মে ২, ২০২৬, ০৬:৪৭ পিএম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে জুলাই সনদ ২০২৫ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ মে) বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জোটের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশটি দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের দীর্ঘসূত্রতা ও টালবাহানার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা দ্রুত জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নেরও দাবি তোলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
এ ছাড়াও বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিসে সূরা সদস্য ও দিনাজপুর-১ আসনের প্রার্থী মোঃ মতিউর রহমান।অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন এবং জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন