মে ৩, ২০২৬, ০৫:৪৭ পিএম
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি ফের যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে। টানা ছয় দিন বন্ধ থাকার পর সচল হওয়ার মাত্র ২৩ ঘণ্টার মাথায় কেন্দ্রটির উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে।বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার (১ মে) দিবাগত রাত সাড়ে ৮টায় কেন্দ্রটির ১ নম্বর ইউনিট থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছিল। শনিবার দিনভর উৎপাদন সচল থাকলেও সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে এটি আবার বন্ধ হয়ে যায়।
যান্ত্রিক ত্রুটি মেরামতের পর মাত্র একদিনের ব্যবধানে পুনরায় উৎপাদন বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হচ্ছে।কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিউব ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে হয়েছে। শনিবার বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১ নম্বর ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তিনি আরও উল্লেখ করেন যে, কেন্দ্রের যান্ত্রিক সমস্যাগুলো নির্মাণকাল থেকেই রয়ে গেছে। মাঝে মাঝে এটি সচল হয়ে কিছু বিদ্যুৎ দিলেও পুনরায় কোনো না কোনো ত্রুটি দেখা দিচ্ছে।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, খনির কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। উৎপাদিত কয়লা অন্য জায়গায় সংরক্ষণের বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনকৃত কয়লা ব্যবহারের লক্ষ্যে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয়।
শুরুতে ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে যাত্রা শুরু করলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের আরও একটি ইউনিট যুক্ত করা হয়। তবে যান্ত্রিক ত্রুটি এবং কয়লা সংকটের কারণে কেন্দ্রটি কখনোই তার পূর্ণ সক্ষমতায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। কেন্দ্রটির বারবার এমন বন্ধ হয়ে যাওয়া স্থানীয় ও জাতীয় বিদ্যুৎ সরবরাহে বড় ধরণের প্রভাব ফেলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন