রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আনন্দ মিছিল, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ১০:১২ পিএম

দিনাজপুরে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আনন্দ মিছিল, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঘিরে একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে পদবঞ্চিত নেতাকর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) বিকেলে নতুন কমিটি ঘোষণার পর দিনাজপুর শহরে এই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।দলীয় সূত্র জানায়, বিকেলে নতুন কমিটির নাম প্রকাশের পর পদবঞ্চিত জেলা ছাত্রদলের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। 

তাঁরা শহরের একাডেমি স্কুলমাঠে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে লিলির মোড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেখানে তাঁরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে প্রায় আধাঘণ্টা ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে এবং সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে।

বিক্ষোভকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়নি। যারা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না, তারাই রহস্যজনকভাবে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। 

এ ছাড়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবারের সদস্যদেরও এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেন। এমনকি নতুন কমিটিতে স্থান পাওয়া কয়েকজনের বিরুদ্ধে সামাজিক অবক্ষয়ের অভিযোগও তোলেন পদবঞ্চিতরা।এদিকে কমিটি ঘোষণার পর জেলা বিএনপির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেখানে নবগঠিত কমিটির নেতাকর্মীরা জড়ো হয়ে একটি আনন্দ মিছিল বের করেন। বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 

এই মিছিলে অংশ নেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, বিএনপি নেতা মুন্নাফ মুকুল এবং জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পদবঞ্চিতদের বিক্ষোভের কারণে শহরে কিছুটা উত্তেজনা থাকলেও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে এবং অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। নতুন কমিটিকে কেন্দ্র করে ছাত্রদলের অভ্যন্তরে এই বিভক্তি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।