রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৬, ১১:২৮ পিএম

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে খানসামা ডিগ্রি কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। 

এই ধরনের টুর্নামেন্ট খুদে ফুটবলারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন এবং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে নির্ধারিত দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হয়। মাঠে খুদে খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখতে বিপুল সংখ্যক দর্শক ভিড় জমান।