শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

মে ১৪, ২০২৬, ১১:০৪ পিএম

খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি। গত ১৪ মে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এই সংসদ সদস্য প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে আসেন। কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই তাঁর এই সফর।কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। শুভেচ্ছা বিনিময় শেষে হুইপ আখতারুজ্জামান মিয়া প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কক্ষ এবং প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক কার্যক্রম ঘুরে দেখেন। 

কারিগরি শিক্ষার আধুনিকায়নে চলমান এসব কাজ দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি গ্রামীণ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সফরকালে তিনি প্রতিষ্ঠানটিতে একটি নতুন ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত মেশিন টুলস অপারেশন ওয়ার্কশপের ফিতা কেটে উদ্বোধন করেন হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি। এরপর তিনি টিটিসি চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি স্মারক বৃক্ষরোপণ করেন। কারিগরি শিক্ষার প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে এই কেন্দ্রটি বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

পরিদর্শনকালে হুইপের সঙ্গে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের ডিজিএম মো. জাকির হোসেন সুমন। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।