শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: এমপি পিনাক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

মে ১৪, ২০২৬, ১১:৩০ পিএম

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: এমপি পিনাক চৌধুরী

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উন্নয়ন কাজ উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এই ঋণের প্রতিদান দিতে আমি জনগণের পাশে থেকে তাদের একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। এর আগে বিগত ১৭ বছরে বিরল ও বোচাগঞ্জ এলাকায় যে উন্নয়ন হয়নি, তা আমি আগামী ৫ বছরের মধ্যে করে দেখাতে চাই। 

বর্তমান সরকার দেশের সামগ্রিক অগ্রগতির জন্য বিভিন্ন বড় প্রকল্প হাতে নিয়েছে এবং এরই ধারাবাহিকতায় বোচাগঞ্জ উপজেলায় সব উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে।সমাবেশের বক্তব্যে মাদকের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় এই সংসদ সদস্য।তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আমাদের সমাজকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে হবে। যারা এই এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে এই ব্যবসা থেকে সরে আসতে হবে। 

অন্যথায় মাদক বিক্রেতা যেই হোক না কেন, কিংবা সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে আইনগত কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের এই ভয়াবহ বিস্তারের বিষয়ে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দীন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নাফানগর ইউনিয়নের মুড়িয়াল হলদিয়া পাড়া পাকা রাস্তা হতে সামাদপাড়া অভিমুখী এবং দৌলতপুর মাবুদ খলিফার বাড়ি মসজিদ হতে আনন্দ চন্দ্রের বাড়ি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের এই কাজগুলো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি এমপি পিনাক চৌধুরী ৩ নম্বর মুশিদহাট ইউনিয়নের আইগনগাঁও পাকা রাস্তা হতে আখাপুর পর্যন্ত অন্য একটি সড়কের এইচবিবি করণ কাজেরও উদ্বোধন করেন।