মে ১৫, ২০২৬, ১০:৩০ পিএম
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর সীমান্তের হামিদপুর ইউনিয়নে সাড়া ফেলেছে বিশাল আকৃতির এক ষাঁড়। ‘দিনাজপুরের সম্রাট’ নামের এই ধূসর রঙের ষাঁড়টি প্রায় ৩০ মণ ওজনের। উপজেলার মধ্যদুর্গাপুর গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক কোরবানির হাটে বিক্রির জন্য একে প্রস্তুত করেছেন।
নিজের বাড়িতে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা এই পশুটিকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।ষাঁড়টির মালিক রাজ্জাক সম্রাটকে ১২ লাখ টাকায় বিক্রি করতে চান।
শাহীওয়াল ও ফ্রিজিয়ান ক্রস জাতের এই ষাঁড়টির উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং দৈর্ঘ্য ১০ ফুট। মালিকের দাবি, এর ওজন বর্তমানে এক হাজার ১২৫ কেজি বা ৩০ মণের বেশি। রাজ্জাক শুধু শখের বশে নয়, ব্যবসার পাশাপাশি গত দুই বছর ধরে এই ষাঁড়টিকে লালন-পালন করছেন। তার খামারে সম্রাটের পাশাপাশি আরও ১০টি উন্নত জাতের গরু রয়েছে।
পরিবারের সদস্যরা মিলে এই বিশাল আকৃতির পশুকে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করেছেন।সম্রাটকে কোনো ধরনের রাসায়নিক ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে। তার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে খড়, সবুজ ঘাস, ছোলা, মসুর ডাল, ভুট্টার আটা ও খৈল। খাবারের রুচি বাড়াতে মাঝেমধ্যে আপেল, গাজর, কাঁঠাল ও পাতাকপির মতো মৌসুমি ফলও দেওয়া হয়। এতে প্রতিদিন মালিকের খরচ হয় ৮০০ থেকে এক হাজার টাকা। গরমে যাতে কষ্ট না হয় সেজন্য তার থাকার জায়গায় ২৪ ঘণ্টা বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে।
বিদ্যুৎ না থাকলে সম্রাটের শরীরে হাতপাখা দিয়ে বাতাস করতে হয় এবং প্রতিদিন অন্তত তিন থেকে চারবার গোসল করানো লাগে। বিশাল এই ষাঁড়টিকে হাটে নিয়ে যাওয়া বেশ কষ্টকর। তাই মালিক আব্দুর রাজ্জাক বাড়ি থেকেই এটি বিক্রি করার পরিকল্পনা করছেন। ক্রেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাম কিছুটা কমবেশি হতে পারে বলেও তিনি জানিয়েছেন। মূলত শাহিওয়াল জাতের একটি গাভী থেকে জন্ম নেওয়া এই বাছুরটি এখন এলাকার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন