মে ১৯, ২০২৬, ০৯:৫২ পিএম
দেশে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ, পণ্য ও সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০ মে পালিত হবে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নীতি নির্ধারণ প্রক্রিয়া নির্ধারণে আস্থা নির্মাণে মেট্রোলজি”। দিবসটি উপলক্ষে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে জাতীয় মান সংস্থা বিএসটিআই।
বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়গুলোতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এর অংশ হিসেবে বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বুধবার (২০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। সভায় সভাপতিত্ব করবেন মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর। স্বাগত বক্তব্য রাখবেন মোঃ জুলফিকার আলী, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর।
উক্ত অনুষ্ঠানে জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা ৪৫ মিনিটে আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ এবং সকাল ১০টা ৫০ মিনিটে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দের আসন গ্রহণ। সকাল ১১টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এরপর সকাল ১১টায় স্বাগত বক্তব্য রাখবেন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক ও অফিস প্রধান মো. জুলফিকার আলী। সকাল ১১টা ২০ মিনিটে বিএসটিআই’র কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। সকাল ১১টা মিনিটে অনুষ্ঠিত হবে মুক্ত আলোচনা এবং সকাল ১১টা ৪৫ মিনিটে বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।আয়োজকরা জানান, বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সঠিক ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৭৪ সালে আন্তর্জাতিক মান সংস্থা আইএসও’র সদস্যপদ লাভের পর থেকে এবং ১৯৭৫ সালে বাংলাদেশ কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের ন্যাশনাল কোডেক্স কন্টাক্ট পয়েন্ট হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সংস্থাটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কাজ করে যাচ্ছে। পরবর্তীতে বিআইপিএম ও বিআইএমএল-এর সদস্যভুক্ত হওয়ার পর বিএসটিআই দেশের জাতীয় মান সংস্থা হিসেবে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ বিভিন্ন খাতে ব্যবহৃত পণ্য ও যন্ত্রপাতির মান নির্ধারণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করছে। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা দেশব্যাপী বিভিন্ন স্তরের অংশীজনের সহায়তায় জনস্বার্থবিরোধী কার্যক্রম প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। জনগণের ন্যায্য অধিকার রক্ষা ও সুষ্ঠু ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিএসটিআই’র পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হচ্ছে বলেও জানানো হয়েছে। দেশে শিল্পায়নের বিকাশ, মানসম্মত পণ্য উৎপাদন এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবাখাতে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে প্রচলিত পদ্ধতিকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উন্মুক্ত তথ্যপ্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি আধুনিক পরিমাপ প্রযুক্তির ব্যবহারে শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিতের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রেও মেট্রোলজির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন