রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর সাথে প্রতারণায় দুই নারীর কারাদণ্ড

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ৮, ২০২৬, ১০:৫৭ পিএম

বোচাগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর সাথে প্রতারণায় দুই নারীর কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর সাথে প্রতারণা করার অপরাধে মোছা. হাসিনা বেগম ও মোছা. শাপলা বেগমকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ জুন সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সেতাবগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. জুয়েলের প্রতিষ্ঠানে দুই নারী ১৪ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল বিক্রির কথা বলে আসেন। 

এ সময় তাদের আচরণে সন্দেহ হলে স্বর্ণ ব্যবসায়ী জুয়েল মেমো দেখাতে বললে তারা তা দেখাতে ব্যর্থ হন। উল্টো তারা বোচাগঞ্জ থানায় জুয়েলের বিরুদ্ধে স্বর্ণ ফেরত না দেওয়ার মৌখিক অভিযোগ করেন।

অভিযোগের খবর পেয়ে সেতাবগঞ্জ বাজারের বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী থানায় উপস্থিত হয়ে জানান, ইতিপূর্বে একই কায়দায় তারা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও আংটি নিয়ে পালিয়ে গেছেন। ব্যবসায়ীরা দুই নারীর বিষয়ে খোঁজখবর নেওয়ার অনুরোধ করলে পুলিশ তদন্তে জানতে পারে, তাদের বিরুদ্ধে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। তারা পেশাদার অপরাধী।

সন্ধ্যায় বোচাগঞ্জ থানা পুলিশ দুই নারীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৩৫০ ধারা মোতাবেক এই দুই নারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত হাসিনা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর পানবাজার গ্রামের মৃত হাকিস উদ্দিন পোদ্দারের মেয়ে এবং শাপলা বেগম একই গ্রামের শাহ আলমের মেয়ে।