শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

তলিয়ে যাওয়া গ্রাম এখন পর্যটন কেন্দ্র

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৯:০১ পিএম

তলিয়ে যাওয়া গ্রাম এখন পর্যটন কেন্দ্র

ছবি-দিনাজপুর টিভি বড়পুকুরিয়া লেক।

দিনাজপুরের পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নে অবস্থিত ‘বড়পুকুরিয়া লেক’ আজ শুধু একটি জলাধার নয়, বরং প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য। এক সময় যেখানে ছিল জিগাগাড়ি নামক গ্রাম, যেখানে ছিল মানুষের কোলাহল ও ফসলের মাঠ—আজ সেখানে ঢেউ খেলে যায় নীল জলরাশি। 

বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভস্থ কয়লা উত্তোলনের ফলে মাটি ধসে ৪০০ একর জমি তলিয়ে যাওয়ার পর প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে এই বিশাল জলাশয়।কালের সাক্ষী হয়ে লেকের মাঝে এখনও দাঁড়িয়ে আছে একটি ছোট মসজিদ আর দু-একটি নারিকেল গাছ, 

যা অতীত জীবনের এক বিষাদময় অথচ সুন্দর স্মৃতি বহন করছে। পার্বতীপুর শহর থেকে ১৩.২ কিলোমিটার এবং ফুলবাড়ী থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি এখন বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। বর্ষাকালে এই জলাশয় যেন নতুন যৌবন ফিরে পায়; চারপাশের সবুজ আর নীল জলের মিতালী এক স্বপ্নিল পরিবেশের সৃষ্টি করে।

দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর থাকে লেক পাড়। কেউ নৌকায় ঘুরে বেড়ান, কেউ স্পিড বোটে রোমাঞ্চ খুঁজে নেন, আবার কেউ বা পাড়ে বসে প্রকৃতির অপার লীলা উপভোগ করেন। ব্যবসায়ীদের উদ্যোগে এখানে ছোটখাটো মেলা, নাগরদোলা ও ওয়াটার রোলারের মতো বিনোদনমূলক রাইডও গড়ে তোলা হয়েছে। দর্শনার্থীরা জানান, জায়গাটি অত্যন্ত মনোরম, তবে বসার স্থান, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এটি দেশের সেরা পর্যটন গন্তব্যগুলোর একটি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সরকার যদি সঠিক পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তর করে এবং লাইফগার্ডসহ আধুনিক সুবিধা নিশ্চিত করে, তবে এটি দেশের ইকো-ট্যুরিজমের একটি মডেল হয়ে উঠতে পারে। হারানোর বেদনায় সৃষ্টি হওয়া এই লেক আজ মানুষের আনন্দের উৎস। প্রকৃতির রুদ্ররূপের আড়ালে যে অপার সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে, বড়পুকুরিয়া লেক তার এক অনন্য উদাহরণ।