জুন ৯, ২০২৬, ০৯:২৭ পিএম
দিনাজপুর সদর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি। গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় ৮ জুন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্র্যাকের বোর্ডের হাট শাখা প্রাঙ্গণে এই ক্যাম্প পরিচালিত হয়।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে মোট ৩০০ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অন্ধত্বের ঝুঁকি কমাতে চক্ষু সমস্যার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ অত্যন্ত জরুরি। চক্ষু সেবার পাশাপাশি ব্র্যাকের পক্ষ থেকে গবাদিপশু ও শস্য বীমা, কৃষি আধুনিকায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সচেতনতামূলক আলোচনা করা হয়।
স্বাস্থ্যসেবার পাশাপাশি কৃষকদের আর্থিক ঝুঁকি কমানো এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে ব্র্যাকের এই বহুমুখী কর্মসূচি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ব্র্যাকের জেলা সমন্বয়ক অমল কুমার ধাম জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের অসহায় মানুষদের সেবা করার এই মহতী উদ্যোগের ফলে স্থানীয় দুস্থ মানুষেরা উপকৃত হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন