জুন ১০, ২০২৬, ১০:৩৬ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে এই কার্যক্রম সম্পন্ন হয়। মূলত নেইচার অ্যান্ড পিস ক্লাবের তরুণ সদস্যদের উদ্যোগে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের প্রতিনিধি ও পরিবেশ কর্মীরা অংশ নেন।গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর ইসলাম।
এছাড়া সংগঠনের তরুণ কর্মকর্তাদের মধ্যে নেইচার অ্যান্ড পিস ক্লাবের সভাপতি রাজশ্রী রায় মেঘা এবং সহ-সভাপতি শামীমা আক্তার শিমু উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষার এই কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পাবলিক স্থানে নতুন গাছের চারা রোপণ করা হয়। এর পাশাপাশি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার বার্তা নিয়ে চারপাশের আবর্জনা পরিষ্কারের জন্য বিশেষ অভিযান চালানো হয়। ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে তৃপ্তি রানী, জিসান আলী ও রিমি আক্তার এই সচেতনতামূলক কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন। আয়োজকরা জানান যে একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষে তরুণ প্রজন্মকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম জানান যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন