রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২৬, ০৯:০৬ পিএম

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি

ছবি-দিনাজপুর টিভি

এখন মধু মাস চলছে। বাজারে উঠেছে হরেক রকম ফল। এসব ফলের মধ্যে লিচুর কদর একটু বেশিই। বর্তমানে এ অঞ্চলের বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল টসটসে রসে ভরা সুমিষ্ট লিচু। বাগানীরা প্রতিদিন গাছ থেকে লিচু পেড়ে বিক্রি করছেন বিভিন্ন হাট-বাজারে।

অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা খুব একটা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা।বুধবার বিকেলে পৌর শহরের কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ে ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপাল মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাংলা স্কুল মোড়সহ বিভিন্ন সড়কের পাশে এই ঝরা লিচুর বাজার বসছে।

বিক্রেতা ফেরদৌস আলী বলেন, বিভিন্ন বাগান থেকে এসব লিচু সংগ্রহ করে এনে কেজি দরে বিক্রি করছেন। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) প্রতি শত ২৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ওইসব লিচুর দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে হিমশিম খাচ্ছেন। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন।

মোজাম্মেল ও সাইফুল ইসলাম নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৯০টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৮০০ টাকা দাম পড়ে, তাই কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা।

বিক্রেতা মাহবুব হোসেন বলেন, এখানে বিভিন্ন জাতের লিচু আছে। জেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশি খরার কারণে এবার লিচু ঝরে পড়ে যাচ্ছে। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।