সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভা, অনুদান বিতরণ

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ১৩, ২০২৬, ০৭:৩৯ পিএম

দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভা, অনুদান বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর-রাজ-২৪৫) বিশেষ ত্রিবার্ষিক সাধারণ সভা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ অসহায় শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে কল্যাণ তহবিলের সর্বমোট ২৫ লাখ ৮০ হাজার টাকার এককালীন অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

শনিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর এলাকার পিডিবি মোড় সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এই বিশাল সভার আয়োজন করা হয়।গুরুত্বপূর্ণ এই ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রহিম বক্স দুদু।সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হকের সার্বিক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির খান। 

এছাড়া সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন স্থানীয় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাকাতুজ বারী। প্রতিবেদন পেশের পর উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আসা সাধারণ সদস্যরা। সড়ক ও মহাসড়কে চাদাবাজি বন্ধ এবং চালকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোরালো দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিতুল এবং দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া নীলফামারী জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিয়ার রহমান, স্থানীয় সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিকুল ইসলাম সভায় বক্তব্য রাখেন। শ্রমিকদের স্বার্থরক্ষা ও তাদের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভার শেষ পর্বে সংগঠনের পক্ষ থেকে মৃত ২৪ জন শ্রমিকের অসহায় পরিবারের মাঝে ৫৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। এর পাশাপাশি সাধারণ সদস্যদের মেয়েদের বিয়ের সামাজিক খরচ বাবদ মোট ৬০ জন শ্রমিকের পরিবারের মাঝে ২১ হাজার টাকা করে আরও ১২ লাখ ৬০ হাজার টাকার এককালীন অনুদানের চেক তুলে দেয় সংগঠনটি।