জিন্নাত হোসেন
জুন ১৪, ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সেন্ট ফিলিপস্ ডে ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। আজ রোববার ১৪ জুন ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল ও আকর্ষণীয় নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। সকাল থেকেই পুরো স্কুল প্রাঙ্গণ শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
প্রতিবছরের মতো এবারও এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে পুরো বিদ্যালয়ে এক উৎসবমুখর আমেজ তৈরি হয়।আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রবি সেবাস্টিয়ান পিউরিফিকেশন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দেন ফাদার নিখিল ঘোড়ামী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কর্মরত সম্মানিত অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা সেন্ট ফিলিপসের মহান শিক্ষামূলক আদর্শ এবং দুই বিশ্ববরেণ্য কবির অমর সাহিত্যকর্ম ও উন্নত জীবনদর্শন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জোর আহ্বান জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ দেবস পিউরিফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন এবং উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ ব্রাদার গ্রেনার রিচিল উপস্থিত ছিলেন।
এছাড়া প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে ও মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক প্রাণ কুমার বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত এই সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীদের রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের সুরেলা পরিবেশনা, মনকাড়া নৃত্য এবং শিক্ষণীয় রসাত্মক অভিনয় ছিল চোখে পড়ার মতো। শিক্ষক ও শিক্ষার্থীদের মেলবন্ধনে তৈরি হওয়া এই বর্ণিল উৎসবের সফল সমাপ্তি ঘটে মূলত সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে।