জুন ১৬, ২০২৬, ০১:০০ পিএম
দিনাজপুরে শহর সমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০ জন ভিক্ষুককে বিভিন্ন ব্যবসার উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ জুন ২০২৬ তারিখে জেলা সমাজসেবা কার্যালয়ের নিচতলায় এক সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে এই স্বাবলম্বী করার সামগ্রী বিতরণ করা হয়।
দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ১০ জন ভিক্ষুককে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই সহায়তা দেওয়া হলো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।
তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন যে এই নতুন মালামাল ও নগদ অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদের ব্যবসার প্রকৃত উন্নয়ন ঘটাতে হবে। সরকারি এই সহায়তার মাধ্যমে পুজি বাড়িয়ে আরও বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত দেখভাল বা তদারকি করা হবে বলেও তিনি স্পষ্ট জানান। যারা এই সরকারি পুজি অলসভাবে নষ্ট বা অপচয় করবেন, তাঁদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্মসূচির আওতায় ২ জন ভিক্ষুককে ভ্যানে করে মুরগির ব্যবসা করার উপকরণ, ৩ জনকে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রির জন্য শাড়ি-কাপড় এবং ১ জনকে মুদি দোকানের মালামাল দেওয়া হয়। এছাড়া ১ জনকে ভাঙাড়ি ব্যবসার জন্য একটি নতুন ভ্যানগাড়িসহ নগদ টাকা এবং বাকি ৩ জনকে গবাদিপশু পালনের জন্য সরাসরি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. মুনির হোসেন এবং শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন