জুন ২৫, ২০২৬, ০৪:০৫ পিএম
দিনাজপুর অঞ্চলের প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত কিশোরী মেয়েদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বীরগঞ্জে একটি অবহিতকরণ সভা ও প্রকল্প পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এই বিশেষ সভার আয়োজন করে। অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত এবং বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়েদের সামাজিক সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
কিশোরী মেয়েদের ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।আলোচনা সভায় বক্তারা বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষভাবে জোর দেন।
তারা জানান, কিশোরীদের নেতৃত্ব বিকাশ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমেই গ্রামীণ এলাকার মেয়েদের আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এই প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় কিশোরীদের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডির সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রঞ্জিত মার্ডি।অনুষ্ঠানে কারিতাসের কর্মসূচি কর্মকর্তা সুবাস কুজুর এবং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন