মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ ১০ম বাস্কেটবল ফেস্টিভ্যালের উদ্বোধন

মো: মামুনুর রশিদ

জুন ২৬, ২০২৬, ১০:৩২ পিএম

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ ১০ম বাস্কেটবল ফেস্টিভ্যালের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে বাস্কেটবল ফেস্টিভ্যাল বা বাস্কেটবল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে সেন্ট ফিলিপস্ অ্যালামনাই ফোরামের বিশেষ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এই উৎসবের সূচনা করা হয়।মাঠে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে দশম বাস্কেটবল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার অর্পন ব্লেস পিউরীফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, প্রাক্তন শিক্ষার্থী মাহবুব আহমেদ এবং মো. আনোয়ারুল কবিরসহ অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির আহ্বায়ক মো. মামুনুর রশিদ সরকার ও সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ এই ক্রীড়া উৎসবের মূল উদ্দেশ্য তুলে ধরেন। তাঁরা বলেন, খেলাধুলা মানুষের মনে প্রকৃত তৃপ্তি আনে, যেখানে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার তরুণ প্রজন্মকে ক্রমান্বয়ে বিষণ্নতার দিকে নিয়ে যাচ্ছে।

এই মূল সুরকে সামনে রেখেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে উৎসাহিত করতে প্রতি বছরের ন্যায় এবারও এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একবিংশ শতাব্দীর তীব্র গতির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চলার পথকে মসৃণ ও সুন্দর করাই এই বর্ণাঢ্য ক্রীড়া আয়োজনের প্রধান লক্ষ্য। উদ্বোধনের পর বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বাস্কেটবল কোর্টে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।