জুলাই ২, ২০২৬, ০৯:৫২ এএম
দিনাজপুরের গুঞ্জাবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী নামসংকীর্তন ও পদাবলীর উদ্বোধন হয়েছে। বুধবার রাত ৮টায় গুঞ্জাবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।আয়োজনটি তিন দিনব্যাপী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি নামসংকীর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে কেউ সংখ্যালঘু নয়। জাতিসত্তা এক এবং পরিচয় একটাই, তা হলো বাংলাদেশী। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি।মন্দির উন্নয়নের প্রতিশ্রুতিও দিয়েছেন এমপি। আগে পাঁচ লক্ষ টাকা অনুদান ঘোষণার পাশাপাশি এবার মন্দিরের সীমানা প্রাচীর, প্রধান ফটক ও দুটি শৌচাগার তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।
গুঞ্জাবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও হরিসভা কমিটির সভাপতি পুলক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক উত্তম কুমার রায়, যুগ্ম আহ্বায়ক দোলন মন্ডল, সাবেক শিক্ষক বুনু বিশ্বাস এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক আকাশ সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে। ভক্তিগীতি ও নামসংকীর্তনে মন্দির প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন