শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

পার্বতীপুরে এতিমখানার উন্নয়নে ১ কোটি ১১ লাখ টাকার অনুদান

মো: মামুনুর রশিদ

জুলাই ১১, ২০২৬, ০২:০৬ পিএম

পার্বতীপুরে এতিমখানার উন্নয়নে ১ কোটি ১১ লাখ টাকার অনুদান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুরে এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, আবাসন ও মানবিক কল্যাণ নিশ্চিত করতে সরকারি নিবন্ধিত এতিমখানাগুলোর মাঝে ২০২৫–২৬ অর্থবছরের প্রথম কিস্তির ক্যাপিটেশন গ্র্যান্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫টি নিবন্ধিত এতিমখানার প্রতিনিধিদের হাতে ৬ মাসের অনুদানের চেক তুলে দেন। 

এ পর্যায়ে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন নিবন্ধিত এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধি, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন, বর্তমান সরকার এতিম ও অসহায় শিশুদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের উন্নত শিক্ষা, নিরাপদ আবাসন এবং মানবিক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।সংসদ সদস্য আরও বলেন, পার্বতীপুর-ফুলবাড়ীর উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই অনুদান সেই উন্নয়ন কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার ৩৫টি নিবন্ধিত এতিমখানায় অধ্যয়নরত মোট ৯২৬ জন এতিম শিক্ষার্থী এ ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জন্য মাসিক ২ হাজার টাকা হারে ৬ মাসের অনুদান হিসেবে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ক্যাপিটেশন গ্র্যান্ট এতিম শিশুদের শিক্ষা, লালন-পালন ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান আরও উন্নত হবে। এলাকাবাসীর প্রত্যাশা, জনকল্যাণমুখী এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় পার্বতীপুর-ফুলবাড়ীতে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষার পরিধি আরও বিস্তৃত হবে।