সুবল রায়
জুলাই ১৩, ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আনোয়ার হোসেন নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন। বদলিজনিত কারণে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
বিদায় অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের কর্মকালের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি মোঃ রেজাউল ইসলাম বলেন, বিদায়ী প্রকৌশলী বিরল উপজেলায় অত্যন্ত নিষ্ঠা, সততা এবং দক্ষতার সাথে সরকারের উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করেছেন। তার কর্মদক্ষতা বিরল উপজেলাকে সমৃদ্ধ করেছে। তিনি এই কর্মকর্তার পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিদায়ী অতিথি মোঃ আনোয়ার হোসেন আবেগঘন কণ্ঠে তার বিরল কর্মকালের নানা স্মৃতিচারণ করেন। তিনি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন, সহকর্মী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রকৌশলীকে প্রধান অতিথি এবং সহকর্মীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।