রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ জাল ধ্বংস: প্রশাসনের অভিযান

আতিউর রহমান

জুলাই ১৪, ২০২৬, ০৭:৪৬ পিএম

বিরলে দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ জাল ধ্বংস: প্রশাসনের অভিযান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রায় ১ লাখ টাকা মূল্যের জব্দকৃত জাল ধ্বংস করা হয়। এর আগে গত ১২ জুলাই আরও দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস করেছিল উপজেলা প্রশাসন।স্থানীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসন এই ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, ৫ নম্বর বিরল ইউনিয়নের রবিপুর রেল স্টেশনের বড়পিঠ এলাকায় অভিযান চালিয়ে ১০টি চায়না দুয়ারী ও ৮০টি কারেন্ট জাল জব্দ করা হয়। জলবায়ু ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এসব জাল পানিতে পেতে মৎস্য আহরণ করা হচ্ছিল। অভিযানে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামসহ মৎস্য দপ্তরের সংশ্লিষ্টরা নেতৃত্ব দেন। তারা স্থানীয়দের নিষিদ্ধ জাল ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করেন এবং দেশীয় প্রজাতি রক্ষায় বিরত থাকার আহ্বান জানান।

উপজেলা পরিষদ চত্ত্বরে এসব জাল ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।