জুলাই ১৬, ২০২৬, ১০:৫৮ পিএম
দিনাজপুরের কাহারোলে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মঞ্জুরুল ইসলাম।অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম বলেন, দেশের প্রতিটি নাগরিকের উচিত নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছের চারা রোপণ করা। এটি এখন সময়ের দাবি। সরকার যেমন বৃক্ষরোপণে উৎসাহিত করছে, তেমনি ব্যক্তিগত উদ্যোগে বাড়ির আঙিনা, পতিত জমি কিংবা জমির আইলে প্রতিটি মৌসুমে চারা রোপণ করতে হবে। তিনি সবাইকে পরিবেশ রক্ষায় সবুজের বিপ্লব ঘটানোর আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকেদা খাতুন মিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. খুরশীদ হাসান, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিগুর রহমান সেলিম, উপজেলা বিএনপি সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী ও জেলা বিএনপি সদস্য মো. আবুল হোসেন রাজা প্রমুখ।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের স্বাবলম্বী করতে এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকারের এই কর্মসূচি চলমান রয়েছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ার ফলে প্রান্তিক চাষিরা উপকৃত হচ্ছেন।সবশেষে, সরকারের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে কাহারোল উপজেলায় বৃক্ষরোপণ ও কৃষি উৎপাদন আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন