জুলাই ১৮, ২০২৬, ০৪:১২ পিএম
দিনাজপুর সদরের শিকদারগঞ্জে আদর্শ গ্রন্থাগারের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্টের আওতায় পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্থানীয় আদর্শ গ্রন্থাগার। চক্ষু পরীক্ষা ও অস্ত্রোপচারের কারিগরি সহায়তা প্রদান করেছে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল।
এই কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আদর্শ গ্রন্থাগারের সভাপতি মোঃ তছলিম উদ্দিন। আদর্শ গ্রন্থাগারের সহ-সেক্রেটারী ও ব্যাংক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও হাসপাতাল প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় মোট ২৫৬ জন রোগীকে প্রাথমিক চক্ষু পরীক্ষা প্রদান করা হয়েছে। এর মধ্যে অপারেশনযোগ্য হিসেবে শনাক্ত করা ৪৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
সেবা গ্রহীতারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। চিকিৎসা সেবার মাধ্যমে অসহায় মানুষদের সুস্থ জীবনে ফিরিয়ে আনাই এই ক্যাম্পের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন