জুলাই ২০, ২০২৬, ১০:৫২ পিএম
দিনাজপুর সদর উপজেলার বকুলতলা মোড়ে অবস্থিত একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস ক্যাপসুল জব্দ করেছে র্যাব-১৩। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আহমেদ পার্সেল সার্ভিসের ওই গোডাউনে অভিযান চালায়।
অবৈধ ওষুধ সংরক্ষণের দায়ে কুরিয়ার সার্ভিসের ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে তারা অবৈধভাবে এসব ওষুধ পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। র্যাবের আভিযানিক দল গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটককৃতদের জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, অবৈধ ওষুধের মজুত, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনের আওতায় আনা হবে সংশ্লিষ্ট অপরাধীদের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন