রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চেক বিতরণ

আতিউর রহমান

জুলাই ২১, ২০২৬, ০৫:৫৬ পিএম

বিরলে সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চেক বিতরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে দুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে চেক, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড এবং মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন দিনাজপুর-দুই আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।অনুষ্ঠানে মোট পঁয়তাল্লিশ জন দুস্থ ব্যক্তি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুরানব্বই জন শিক্ষার্থীকে চেক প্রদান করা হয়। 

এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড এবং মৎস্য বিভাগ কর্তৃক এগারোজন মৎস্যচাষীর মাঝে মাছের খাদ্য ও সাইনবোর্ড এবং চারজনের মাঝে এরোটর বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, পড়াশোনা এমন একটি সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও পরিবারের দায়িত্ব নিতে হবে এবং যেকোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।