বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জুলাই ২২, ২০২৬, ১০:৫৩ এএম

চিরিরবন্দরে তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়। সিটিজেন প্ল্যাটফর্ম অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সহযোগিতা করেছে ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি।

কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ৮০ জন অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইনিশিয়েটিভস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহিমান। 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিআই দিনাজপুর জেলার সভাপতি মো. সামিউল আলম, সাধারণ সম্পাদক মো. নওশাদ হোসেন এবং মো. শাহিনুল ইসলাম। বক্তারা বলেন, রাষ্ট্রীয় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রাপ্তির অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা। আইনটির যথাযথ বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।