জুলাই ২২, ২০২৬, ০১:৪৮ পিএম
দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল ও হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার পুলিশ লাইনস রোড সংলগ্ন এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার বাস্তবায়নে এবং বাংলাদেশ জাতীয় কল্যাণ পরিষদের অর্থায়নে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক ও চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের কোনো বোঝা নন।
সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারাও একদিন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের স্বাবলম্বী করতে সরকারের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।বিতরণ অনুষ্ঠানে অনন্যা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি তিনজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি করে ছাগল এবং একজনকে একটি হুইলচেয়ার প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী সদস্য দেলোয়ারা বেগম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষিকা রওশন আরা বৃষ্টি। বিতরণ পর্ব শেষে শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন