মো. আব্দুল আজিজ
জুলাই ২৪, ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে প্রকাশ্য মাদক ব্যবসা বন্ধের দাবিতে দুই দিনের কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।জুম্মার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।শুক্রবার দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া বা হাথিপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়। দক্ষিণ বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে জুম্মার নামাজ শেষে শতাধিক মুসল্লির অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বাসভবনে গিয়ে তাদের অবিলম্বে অবৈধ কার্যক্রম বন্ধ করার কড়া নির্দেশ দেন আন্দোলনকারীরা।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সলজ ভাষায় ব্যবসায়ীদের মাদক ব্যবসা বন্ধ করতে বলা হয়েছে এবং তাদের দুই দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবসা বন্ধ না করলে প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার জেদাল আল মুসা জানান, মাদক নির্মূলে পুলিশ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সজাগ রয়েছে এবং অপরাধ নির্মূল করতে এলাকাবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।