শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর চেষ্টায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মো: মামুনুর রশিদ

জুলাই ২৫, ২০২৬, ০২:২৩ পিএম

দিনাজপুরে সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর চেষ্টায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় ও ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে নয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ও স্থানীয় গ্রামবাসী।শনিবার ভোরে এই ঘটনা ঘটে।সীমান্তবর্তী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতের শ্রীরামপুর এলাকার দুই শ একানব্বই নম্বর পিলারের বিশ এস সাব-পিলার এলাকা দিয়ে ওই ভারতীয় নাগরিকদের পুশইন করার পাঁয়তারা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। 

এ সময় বিজিবি সদস্যদের তৎপরতা এবং স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। সকালের দিকে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় পুনরায় জড়ো হতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে স্থানীয়দের কঠোর অবস্থান ও বিজিবির সতর্ক পাহারার মুখে পুশইন চেষ্টা পুরোপুরি পণ্ড হয়ে যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতে ফিরে যেতে বাধ্য হন।

স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুল আজিজ জানান, ভোরের দিকে সীমান্তরক্ষী বাহিনীর বাঁশির শব্দ ও লোকজনের আহাজারিতে তাদের ঘুম ভাঙে। বাড়ি থেকে বাইরে এসে তিনি নয়জন নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন এবং এলাকাবাসীর সাথে মিলে তাদের প্রতিহত করেন। কাটলা ইউনিয়নের ইউপি সদস্য শুকুর আলী জানান, ভোরে বিএসএফ সদস্যরা জোর করে তাদের সীমানা পার করার চেষ্টা করলেও গ্রামবাসী ও বিজিবি তা সফল হতে দেয়নি। 

পরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের উপস্থিতি বাড়লে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, সীমান্ত দিয়ে কোনো ভারতীয় নাগরিক যেন অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য ওই এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।