রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি মনজুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৫, ২০২৬, ০৩:২৯ পিএম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি মনজুরুল ইসলাম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও প্রান্তিক উপকারভোগীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-এক আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও বাইসাইকেল তুলে দেওয়া হয়। 

পাশাপাশি আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার উদ্দেশ্যে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

শিক্ষা ও দক্ষতার বিকাশ ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।