মাহবুবুল হক খান
জুলাই ২৮, ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট অবিলম্বে কার্যকর করা, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং আট ঘণ্টার শ্রমদিবসসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, সরকার পক্ষ থেকে নির্ধারিত গেজেট প্রকাশের দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা কার্যকরে দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। সম্প্রতি রংপুরে আলম হোটেলের সহকারী কুক শাওনকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করার প্রতিবাদ করায় তাকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত মালিকের বিরুদ্ধে এখনো আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। সারা দেশে প্রায় চল্লিশ লাখ হোটেল শ্রমিক দৈনিক দীর্ঘ সময় ধরে মানবেতর পরিশ্রম করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।স্মারকলিপি প্রদান শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রতিবাদ সভায় শ্রমিক নেতা আক্তারুজ্জামান খান, দেলওয়ার হোসেন সবুজ ও জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
তারা বলেন, বর্তমান শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক ছুটি, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার কথা থাকলেও মালিকপক্ষ তা মানছে না। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।