রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

মোজাম্মেল হক

জুলাই ২৯, ২০২৬, ১১:২৭ পিএম

বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলার নিজপাড়া ইউনিয়নে বৈধভাবে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগী পরিবার অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে গবাদিপশু নিয়ে আসার পর এই পরিস্থিতির তৈরি হয়। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উত্থাপন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবীপুর বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের বিরুদ্ধে ২০২১ সালে সৌদি আরবে পাঠানোর নাম করে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ওই টাকা জোগাড় করতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়া ছাড়াও চড়া সুদে ধার করতে হয়েছিল। স্থানীয় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির স্বজনের মাধ্যমে ধাপে ধাপে ব্যাংক ও নগদ লেনদেনের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হলেও দীর্ঘদিনেও প্রবাসে পাঠানো হয়নি।

টাকা পরিশোধের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা না পেয়ে গত সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে তাদের গচ্ছিত টাকা আদায়ের জামিনস্বরূপ একটি গাভি ও দুটি বাছুর নিজেদের বাড়িতে নিয়ে আসেন।

অপরদিকে, অভিযুক্ত আমজাদের পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করে জানানো হয়েছে যে, বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গবাদিপশু জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। উভয় পক্ষই আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।