আগস্ট ২, ২০২৬, ০২:০৮ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক স্বামীর ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে রাতেই আটক করেছে বিরল থানা পুলিশ। গত ১ আগস্ট রাতে উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ের সঙ্গে রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিরল উপজেলার দোগাছী গ্রামের অস্থায়ী বাসিন্দা মাহবুবুর রহমানের প্রায় দুই মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। গত ১ আগস্ট রাত প্রায় এগারোটার দিকে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন।
অভিযুক্ত ব্যক্তি সাবেক স্ত্রীর শরীরে ছুরি দিয়ে আঘাত করার পর পেট্রোল ঢেলে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দেন। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিরল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন