সুবল রায়
আগস্ট ৬, ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরল উপজেলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমের পঞ্চম তলায় এই সভা সম্পন্ন হয়। এলাকার হারানো লোকসংস্কৃতি ও ঐতিহাসিক নিদর্শনগুলো টিকিয়ে রাখতে স্থানীয় সচেতন মহলের অংশগ্রহণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।বোর্ডহাট কলেজের প্রভাষক ও লেখক বিধান দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রভাষক, সাংবাদিক, লেখক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার আলোচনায় বক্তারা বিরলের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, প্রাচীন ঐতিহাসিক স্থাপনা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো অবিলম্বে সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। স্থানীয় সংস্কৃতি টিকিয়ে রাখতে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে তারা মত প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান যে একটি জাতির মূল ভিত্তি হলো তার নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। বিরল উপজেলার একটি সমৃদ্ধ অতীত রয়েছে যা তরুণ প্রজন্মের জানা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। প্রযুক্তির আগ্রাসনে যেন নতুন প্রজন্ম নিজেদের শিকড় ভুলে না যায়, সে কারণেই বিরলের ইতিহাস গ্রন্থনা ও ঐতিহ্যবাহী উপাদান সংরক্ষণের এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা ও তথ্য প্রদানের মাধ্যমেই এই মহতী উদ্যোগ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপস্থিত সুধীজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি অনন্য ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।