আগস্ট ১০, ২০২৬, ০৯:২৯ পিএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-পাঁচ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।
শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে স্থানীয় পর্যায়ে এই আয়োজনের ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুর শাহীন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর শাখার সভাপতি জুয়েল রানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বীরগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী রাশেদুন নবী বাবু।
বক্তারা বলেন যে ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।কৃতী শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়ালেখায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পড়ালেখায় আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশের সম্পদে পরিণত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন