রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে ওয়ার্ল্ড ভিশনের ১৫ বছরের উন্নয়ন কর্মসূচির সমাপ্তি

আতিউর রহমান

আগস্ট ১১, ২০২৬, ০৫:০১ পিএম

বিরলে ওয়ার্ল্ড ভিশনের ১৫ বছরের উন্নয়ন কর্মসূচির সমাপ্তি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ পনেরো বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে কাজ করার পর দিনাজপুরের বিরল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই বিদায়ী সভার আয়োজন করা হয়। এতে সংস্থার দীর্ঘদিনের সফল কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ওয়ার্ল্ড ভিশন কেবল একটি উন্নয়ন সংস্থা নয়, বরং তারা দীর্ঘ দেড় দশক ধরে বিরলের মানুষের পাশে একটি মানবিক পরিবারের মতো কাজ করেছে বলে অতিথিরা মত প্রকাশ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জেড গোমেজ, ডিরেক্টর অপারেশনস লিমা হান্না দারিং এবং পুলিশের পরিদর্শক আনিছুর রহমান সরকার। এছাড়াও উপজেলা কৃষি, প্রাণিসম্পদ, সমাজসেবা ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। যুব ফোরামের সদস্য কারিমা আক্তার ও মিঠুন রায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সমাপনী এই আয়োজনে গত পনেরো বছরে শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচির সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়। একইসঙ্গে প্রকল্পের সফল উপকারভোগীরা তাদের জীবনের ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা সবার সামনে ভাগ করে নেন। সবশেষে শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামে।