শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে ৮০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

অলিউর রহমান মিরাজ

আগস্ট ১১, ২০২৬, ০৫:৩৬ পিএম

নবাবগঞ্জে ৮০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় মৎস্য দপ্তর। মঙ্গলবার বিকেলে উপজেলার লালঘাট ব্রিজ সংলগ্ন নদীর মধ্যবর্তী এলাকায় এই আকস্মিক অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জাল জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধারকৃত এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে।মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মিয়ার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। নদী থেকে মোট ১৪টি অবৈধ জাল উদ্ধারের পর সেগুলো উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। এরপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বসাধারণের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধিতে এসব জাল চরম ক্ষতিকর প্রভাব ফেলছে বলে জানান মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।