আগস্ট ১৫, ২০২৬, ১১:৫২ পিএম
দিনাজপুরের বিরলে একটি ব্যতিক্রমী মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলার ধর্মপুর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত ‘কমল দাদার পাঠশালা’র শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
নতুন ব্যাগ হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে পাঠশালার কোমলমতি শিশুরা। এর আগে পরিদর্শনের সময় ইউএনও নিজ হাতে শিশুদের মাঝে খাতা, কলম, পেন্সিল, পাঠ্যবই ও চকলেট বিতরণ করেছিলেন। ধারাবাহিক এই উদ্যোগে অভিভাবকরাও গভীর সন্তোষ প্রকাশ করেছেন। সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে এই পাঠশালায় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম জানান, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ছাড়াই যেভাবে প্রতিষ্ঠাতা দম্পতি শিশুদের আলো ছড়াচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে পাঠশালাটির পাশে থাকার এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন তদারকি ও সহযোগিতা এই মানবিক উদ্যোগকে আরও বহুদূর এগিয়ে নেবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন