বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অভাবকে জয় করে জিপিএ ফাইভ পেল কৃষক কন্যা নুরে জান্নাত

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৬, ১২:৪৬ এএম

অভাবকে জয় করে জিপিএ ফাইভ পেল কৃষক কন্যা নুরে জান্নাত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোল উপজেলার অদম্য মেধাবী নুরে জান্নাত এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করেছে। অভাব-অনটনের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাওয়া এই কৃষক কন্যার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়ার।সাফল্যের পরও উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে পরিবারে।

কৃষক বাচ্চু মিয়া ও নাসরিন আক্তারের মেয়ে নুরে জান্নাত দীর্ঘদিন ধরে নানার বাড়ি দিনাজপুর সদরের খামারকান্তবাগ গ্রামে থেকে পড়াশোনা করছিল। দিনাজপুর শহরের জুবলি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সে এ প্লাসসহ জিপিএ ফাইভ অর্জন করেছে। নুরে জান্নাতের পিতা বাচ্চু মিয়া কৃষিকাজের পাশাপাশি সংসার চালাতে অটোরিকশাও চালান। তার পড়াশোনার বেশিরভাগ খরচ বহন করতেন নানা-নানি ও মামারা।

নুরে জান্নাতের নানি রোজী বেগম জানান, কষ্টের মধ্য দিয়ে নাতনিকে এতদিন পড়াশোনা করিয়েছেন তারা। কিন্তু সামনে কলেজে ভর্তি ও উচ্চশিক্ষার যে খরচ, তা জোগানো তাদের পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন তারা।অদম্য মেধাবী নুরে জান্নাত জানায়, তার স্বপ্ন ডাক্তার হওয়া। দেশের মানুষের সেবা করার ব্রত নিয়েই সে পড়াশোনা চালিয়ে যেতে চায়, কিন্তু দারিদ্র্য যেন তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।