আগস্ট ১৮, ২০২৬, ০৮:২৬ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলার পাঁচ নম্বর সুন্দরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর কমলপুর গ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজনের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই বিশেষ গ্রামীণ খেলার আয়োজন করা হয়। আবহমান বাংলার লোকসংস্কৃতির এই ঐতিহ্যকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা মাঠে এসে উপস্থিত হন।খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মাঝেও প্রচুর উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন মানিক।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী ইউপি সদস্য ললিতা রায় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় আয়োজকদের পক্ষে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোক্তার হোসেন, আর পুরো আয়োজনে সভাপতিত্ব করেন ফয়জার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য টিকিয়ে রাখতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছে। এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে পারলে যুবসমাজ সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন