রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

কাহারোলে প্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৬, ১২:০০ এএম

কাহারোলে প্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার নিশ্চিত এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক সেবা সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিলার আয়োজনে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডসের অর্থায়নে মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, তিন নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন এবং দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায়। 

আরও উপস্থিত ছিলেন তিন নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য, কাহারোল উপজেলা ও মুকুন্দপুর ইউনিয়ন পর্যায়ের সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রতিবন্ধী শিশু, যুব ও তাঁদের পরিবারের সদস্যরা, ইয়থ ক্লাব সদস্য, সিআরসি সদস্য, ইমপ্যাক্ট গ্রুপ সদস্য, সাংবাদিকসহ প্রকল্পের বিভিন্ন মাঠকর্মীগণ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুমা খাতুন বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রদানকৃত সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। 

প্রত্যেকটি মানুষের জন্মসনদ থেকে শুরু করে মৃত্যুসনদ পর্যন্ত সকল নথিপত্র এবং যেকোনো খরচের ক্যাশমেমো ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হয়। এইসব বিষয়ে প্রতিবন্ধী শিশু, যুবা ও তাদের পরিবারের সবাইকে বিভিন্ন দালাল ও প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ দেন তিনি। অংশগ্রহণকারী মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী শিশু, যুবা ও তাদের পরিবারের বিভিন্ন প্রশ্নপর্বের শেষে উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ সংগ্রহের সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। 

মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন তার পরিষদের সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। সরকারি বাজেট ঘাটতির কারণে ওয়ার্ড সভা ও উন্মুক্ত বাজেট সভা করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তবে ভবিষ্যতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি এই ধরনের নাগরিক সংলাপ সকল ইউনিয়ন চেয়ারম্যান, তাদের সদস্য, উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা এবং সংসদ সদস্য মহোদয়ের সমন্বয়ে আরও বিশাল পরিসরে করার জন্য অনুরোধ জানান। 

এই ক্ষেত্রে তিনি আর্থিক সহযোগিতা প্রদানেরও আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে অনুষ্ঠানের সঞ্চালক ও দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায় প্রতিবন্ধী শিশু ও যুবদের সর্বস্তরে সমান সুযোগ ও অধিকার নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যাগুলির সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে জোর দাবি জানান।