আগস্ট ২২, ২০২৬, ১২:৪৫ পিএম
সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে। বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করেন। গত ২৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ পরিচালিত হয়।
প্রশিক্ষণ শেষে আজ ২২ আগস্ট অংশগ্রহণকারী যুবকদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদক, চোরাচালান ও যেকোনো সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন