শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

খানসামায় বেলান নদী রাবার ড্যাম সাইট পরিদর্শন করল জাইকার টিম

মোঃ ইউসুফ আলী

আগস্ট ২৪, ২০২৬, ০৬:২৭ পিএম

খানসামায় বেলান নদী রাবার ড্যাম সাইট পরিদর্শন করল জাইকার টিম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খানসামা উপজেলার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। গ্রামীণ জনপদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনা কার্যক্রমের বাস্তব অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে এই বিশেষ সফরের আয়োজন করা হয়। 

দেশি-বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই পরিদর্শনে স্থানীয় কৃষিজীবী ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।রবিবার জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মিস তাকাহাশি জুনকোসহ তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনীয়া বাজার সংলগ্ন বেলান নদী রাবার ড্যাম সাইট পরিদর্শন করেন।সফরের শুরুতে খানসামা উপজেলা কনফারেন্স রুমে প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত তথ্যমূলক উপস্থাপনা তুলে ধরেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক।

এরপর প্রতিনিধি দলটি সরাসরি কাচিনীয়া বাজার বেলান নদী রাবার ড্যাম চত্বরে পৌঁছে বৃক্ষরোপণের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন এবং পাম্প হাউস ও হেডার ট্যাংক ঘুরে দেখেন। পরিদর্শনকালে বেলান নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস চত্বরেও গাছের চারা রোপণ করা হয়। রাবার ড্যাম প্রকল্পের সুফলভোগী পুরুষ ও নারী সদস্যদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নারীরা তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।

সমিতির সদস্যদের সক্রিয় তৎপরতা ও রাবার ড্যামের সুচারু রক্ষণাবেক্ষণ পরিকল্পনা প্রত্যক্ষ করে জাইকার প্রতিনিধি দল ভূয়সী প্রশংসা করেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে স্থানীয় জনসাধারণ এই অবকাঠামোগুলির পূর্ণ সুফল পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এলজিইডি দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নারায়ণ চন্দ্র সরকার ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।